
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর বিধানসভা এলাকার ইলামবাজার ব্লকের বাতিকার গ্রাম পঞ্চায়েতের খুষ্টিগিরি মাজার সংলগ্ন ময়দানে গত ১৭ জুন বিকেলে অনুষ্ঠিত হলো জেলা কংগ্রেসের এক বিশাল যোগদান কর্মীসভা। এই সভাকে কেন্দ্র করে বনশঙ্কা, ব্রাহ্মণডিহি, ধানশা,পাড়ুই, খুষ্টিগিরি, মঙ্গলডিহির মতো বিভিন্ন গ্রাম থেকে আসা বহু কৌতুহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দলীয় সূত্রে খবর, এদিন বিভিন্ন দল ত্যাগ করে অন্তত এক হাজার কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন।
এদিনের এই গুরুত্বপূর্ণ কর্মীসভায় নেতৃত্ব দেন বোলপুর বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী তথা বীরভূম জেলা কংগ্রেসের মুখপাত্র রথীন সেন, সিউড়ি বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী তথা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সঞ্জয় অধিকারী, জেলা সাধারণ সম্পাদক তথা শিক্ষক কেতাবুদ্দিন মণ্ডল প্রমুখ। নবাগতরা দলীয় নেতৃত্বের হাত থেকে সগর্বে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নেন। এছাড়াও জেলা সম্পাদক মেঘনাদ মাসাদ, আজফার সেখ, ইমতিয়াজ খলিফা, সামসের, আজাদ, উজ্জ্বল ও রাজিবুল সহ অন্যান্য যুব নেতাদের সক্রিয় উপস্থিতিতে এই সভা এক অনন্য মাত্রা পায়। এদিনের এই কর্মী সভায় যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা মুখপাত্র রথীন সেন জানান, আমাদের পুরোনো কর্মী সমর্থকরা পুনরায় দলে ফিরে এসেছেন। এদিন যোগদানকারীদের মধ্যে সিংহভাগই ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন, যা এলাকায় কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করবে বলে দল আশাবাদী।

