বীরভূমে ‘ক্ষেত বাঁচাও’ কর্মসূচি: কৃষকদের পাশে ব্যাঙ্ক ও প্রশাসন

শম্ভুনাথ সেনঃ

কৃষিনির্ভর বীরভূম। জেলার অন্তত ৭০ শতাংশ মানুষের জীবন-জীবিকা কৃষির সাথে যুক্ত। সেই অন্নদাতাদের সার্বিক উন্নয়ন ও চাষবাসের সমস্যা দূরীকরণে ১৯ জুন, শুক্রবার বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত অফিসে আয়োজিত হলো একটি বিশেষ সচেতনতা সভা—”ক্ষেত বাঁচাও কর্মসূচি”। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক প্রান্তিক কৃষক।প্রদীপ প্রজ্বলন ও অতিথিবরণ পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় কৃষকদের চাষাবাদ, আধুনিক কৃষি পদ্ধতি এবং সহজ উপায়ে কৃষি ঋণ পাওয়ার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন উপস্থিত আধিকারিকরা। কৃষকেরাও তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা সরাসরি প্রশাসনের সামনে তুলে ধরেন।
এদিনের সভায় কৃষকদের দিশা দেখাতে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের রিজনাল ম্যানেজার অভীক নিয়োগী, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অফ এগ্রিকালচার তন্ময় বর্মন, জেলা আধিকারিক নিরাজ কুমার, এসবিআই কোটাসুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার, গ্রামীণ ব্যাঙ্কের ময়ূরেশ্বর শাখার ম্যানেজার শুভজ্যোতি ভট্টাচার্য এবং ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস নন্দী প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশাসনের পক্ষ থেকে ৩২ জন কৃষকের হাতে সরাসরি কৃষি ঋণের প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়, যা আগামী দিনে তাঁদের চাষবাসের পথকে আরও সুগম করবে। ব্যাংক ও প্রশাসনিক সহযোগিতা পেয়ে এলাকার কৃষকরা আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *