মামলা দায়ের হতেই ইস্তফা: বোলপুর পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন অনুব্রত ঘনিষ্ঠ পর্ণা ঘোষ

শম্ভুনাথ সেনঃ

স্বামীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের হতেই বীরভূমের বোলপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পর্ণা ঘোষ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৯ জুন, শুক্রবার বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্নার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এই বিষয়ে তাঁর সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
২০২০ সালে প্রাক্তন চেয়ারম্যান সুশান্ত ভকতকে সরিয়ে পর্ণা ঘোষকে পুরপ্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, তৎকালীন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সুশান্তবাবুর মতপার্থক্যের জেরেই এই রদবদল ঘটে। পরে পুরসভা নির্বাচনে জিতে পর্ণাদেবী চেয়ারম্যান হন।
তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ তৃণমূলের জেলা সম্পাদক ও জেলা কোর কমিটির সদস্য। বিরোধীদের অভিযোগ, পুরসভার প্রশাসনিক কার্যকলাপে সুদীপ্তবাবুর প্রবল প্রভাব ছিল। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই পর্ণাদেবীর এই ইস্তফা রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। সূত্র মারফত খবর, আগামী সোমবার কাউন্সিলর পদ থেকেও অব্যাহতি চাইবেন তিনি। বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *