
শম্ভুনাথ সেনঃ
প্রতিটি সকাল শুরু হয় এক বুক আশা নিয়ে, আর প্রতিটি রাত শেষ হয় চরম অনিশ্চয়তা আর দীর্ঘশ্বাসে। গত তিন মাসেরও বেশি সময় ধরে এভাবেই দিন কাটছে বীরভূমের সদর সিউড়ির ডাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা অর্ধেন্দু সিংহের। তাঁর ২৪ বছরের মেধাবী মেয়ে অমৃতা সিংহ গত ১৩ মার্চ, ২০২৬ দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বাড়ি থেকে বের হওয়ার সময় অমৃতা সঙ্গে কোনো মোবাইল ফোন, টাকা বা প্রয়োজনীয় সামগ্রীও নেননি। জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অনেকবার, কিন্তু সন্ধান পাননি। সিসিটিভি ফুটেজে তাঁকে বাসে করে মল্লারপুর পর্যন্ত যেতে দেখা গেলেও, তারপর থেকে সব পথ যেন হঠাৎ করেই অন্ধকারে মিলিয়ে গেছে।
মেয়ের কোনো খোঁজ না পেয়ে অবশেষে ঘরের চার দেওয়াল ছেড়ে রাস্তায় নেমেছেন এক অসহায় বাবা। বুকে ও পিঠে ঝুলছে মেয়ের ছবি, পরিচয় এবং যোগাযোগের নম্বর সংবলিত একটি প্লাকার্ড। রামপুরহাট, রাজগ্রাম ও তার আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে তিনি প্রতিটি মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছেন, “আমার মেয়েকে যদি কোথাও দেখতে পান, আমাকে জানাবেন।” নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখা মেয়েটির এই আকস্মিক অন্তর্ধান পরিবারটিকে এক গভীর শূন্যতায় ডুবিয়ে দিয়েছে। এই দৃশ্য শুধু একজন নিখোঁজ মেয়ের খোঁজার গল্প নয়, এটি সন্তানের প্রতি এক বাবার অদম্য ও নিঃশর্ত ভালোবাসার প্রতিচ্ছবি। অবুঝ এই অপেক্ষার অবসান ঘটিয়ে অমৃতা যেন সুস্থ শরীরে ফিরে আসেন তাঁর বাবার কোলে, এখন এটাই সকলের প্রার্থনা।
