
শম্ভুনাথ সেনঃ
২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন বীরভূমের লাভপুরের তৃণমূল নেতা আব্দুল মান্নান। আজ ২৩ জুন, মঙ্গলবার গ্রেপ্তারের পর নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে প্রথমে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল চত্বরে পৌঁছতেই চারপাশ উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত একদল উত্তেজিত মানুষ তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখায় এবং তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয় বলে অভিযোগ ওঠে।
এরপর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে সেখানেও একই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। আদালত চত্বরে উপস্থিত জনতার একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে এবং আবারও তার উদ্দেশে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত ও হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে আদালতে পেশ করার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

