
উত্তম মণ্ডলঃ
এ আরেক মহেঞ্জোদারোর কথা! তবে এটি সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো নয়, এটি জেলা বীরভূমের ঝাড়খণ্ড লাগোয়া প্রান্তিক অঞ্চল রাজনগরের বুকে এক অসমাপ্ত সভ্যতার ইতিকথা। এর কেন্দ্রবিন্দুতে রাজনগর-৭৩১১৩০ পোস্ট অফিসের মর্মকথা। রাজনগর পোস্ট অফিসের নিজস্ব জায়গা আছে, কিন্তু নেই সেখানে পোস্ট অফিস।
রাজনগর চৌরাস্তা মোড়ের কাছেই সিউড়ি-রাজনগর পাকা সড়কের পাশেই রয়েছে পোস্ট অফিসের নিজস্ব জায়গা। কাছাকাছি রয়েছে ব্যাঙ্ক। সেই পোস্ট অফিসের জায়গায় দাঁড়িয়ে নিমগাছের তলায় রয়েছে ইঁটের দেওয়ালের ধ্বংসাবশেষ। আগে ওই দেওয়ালের গায়ে ঝুলতো একটি লাল ডাকবাক্স।
সেই ডাকবাক্স এখন উধাও। আর ছাই আর চায়ের ভাঁড় ফেলে ফেলে সেখানে তৈরি হয়েছে আবর্জনার ঢিবি। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রাকৃতিকভাবে অবাধে মানুষের শরীরের তরল বর্জ্য নিষ্কাষণের মুক্তক্ষেত্র হয়ে উঠেছে এটি। সব মিলিয়ে এক দুর্গন্ধময় পরিবেশ।
বর্তমানে রাজনগর সাব-পোস্ট অফিসটি রয়েছে অনেকটা দূরে হাটতলার একটি গলির ভাড়া বাড়িতে। সংকীর্ণ জায়গায় মানুষকে পরিষেবা নিতে গিয়ে হিমশিম খেতে হয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল গঁরাই, দীনু দাস জানান, বিগত প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ বছর ধরে পোস্ট অফিসের এই জায়গাটি পড়ে রয়েছে। এখানে পোস্ট অফিস হলে খুব সুবিধা হবে, ভালো হবে। তাই বলাই যায়, নিজস্ব জায়গায় পোস্ট অফিস গড়ে উঠলে সুবিধা হবে মানুষের। এই মহেঞ্জোদারোয় কি সভ্যতা গড়ে উঠতে পারে না?
