
শম্ভুনাথ সেনঃ
১৯৭৫ সালের ২৫ জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক গভীর কলঙ্কিত অধ্যায়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে জারি হওয়া জরুরি অবস্থা দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল এবং স্তব্ধ করেছিল সংবাদমাধ্যমের স্বাধীন কণ্ঠস্বর। ক্ষমতার লোভে সংবিধানের আত্মাকে পদদলিত করার সেই স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে এবং গণতন্ত্র রক্ষায় যাঁরা অমানুষিক নির্যাতন সহ্য করেও লড়াই করেছিলেন, তাঁদের অসীম সাহসিকতাকে শ্রদ্ধা জানাতেই দেশজুড়ে আজ পালিত হচ্ছে ‘সংবিধান হত্যা দিবস’।
ইতিহাসের এই কালো দিনটিকে স্মরণ করে বীরভূমের দুবরাজপুর শহর বিজেপির পক্ষ থেকে আজ একটি প্রতিবাদী মৌন মিছিলের আয়োজন করা হয়। নেতৃত্ব দেন বিজেপির প্রাক্তন কাউন্সিলার সত্যপ্রকাশ তেওয়ারি, দেবজ্যোতি সিংহ, টুটুন নন্দী, জয়দেব দে প্রমুখ। শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কর্মী-সমর্থকদের এই সুশৃঙ্খল মিছিলটি দুবরাজপুর শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে মাদৃক সংঘ ময়দানে এসে শেষ হয়। উপস্থিত নেতৃত্ব জানান, স্বৈরাচারের সেই অন্ধকার দিন দেশবাসী কখনও ভুলবে না এবং আগামী প্রজন্মকে গণতন্ত্রের প্রকৃত মূল্য মনে করিয়ে দিতেই এই বিশেষ স্মরণ-প্রয়াস।
