
শম্ভুনাথ সেনঃ
সারাদেশের সাথে এ রাজ্যের অন্যান্য প্রান্তের মতো বীরভূমের নলহাটি, মুরারই, রামপুরহাট, রাজনগর, দুবরাজপুর সেই সঙ্গে ইলামবাজার ব্লকের ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলিতেও যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার সঙ্গে পালিত হলো মহরম। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে বরচাতুরি ও পরাণচক গ্রামের মানুষ এদিন বিভিন্ন ঐতিহ্যবাহী কলাকৌশল ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী মহরম বছরের প্রথম মাস। ইসলামের ইতিহাসে মহরম বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই মাসেই কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন এবং তাঁর পরিবারের সদস্যরা সত্য ও ন্যায়ের লড়াইয়ে আত্মবলিদান দিয়েছিলেন। সেই ত্যাগ ও শোকের স্মৃতিকে স্মরণ করেই বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় মহরম পালন করেন।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ছিল অত্যন্ত তৎপর। ইলামবাজার থানা ও জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির বিশাল বাহিনী মোতায়েনের পাশাপাশি নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনীও টহল দিয়েছে। ড্রোন ক্যামেরা, ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে নিশ্ছিদ্র নজরদারিতে ছিল গোটা এলাকা। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে এবারের মহরম উৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পুলিশের এই তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের সহাবস্থান এলাকায় এক অনন্য সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।

