বোলপুরের পর নানুরে অগ্নিকাণ্ড, আতঙ্ক এলাকায়

শম্ভুনাথ সেনঃ

বোলপুরের এসডিও অফিসের পর এবার বীরভূমের চণ্ডীদাস-নানুর গ্রাম পঞ্চায়েত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ২৬ জুন, শুক্রবার দুপুরে পঞ্চায়েত ভবনে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ব্লক প্রশাসনের আধিকারিক ও নানুর থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসলেও সরকারি দপ্তরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দানা বেঁধেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পঞ্চায়েত ভবনের নিচতলায় ব্যাটারি কক্ষে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর না মিললেও সরকারি নথিপত্র ও পরিকাঠামো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ধারাবাহিক অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়েও এলাকায় শুরু হয়েছে ফিসফাস গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *