
শম্ভুনাথ সেনঃ
দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে কাঙ্ক্ষিত ট্রেনের চাকা ঘোরার অপেক্ষায় দিন গুনছেন বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের হাজার হাজার রেলযাত্রী। আহমদপুর-কাটোয়া রুটে সরাসরি ট্রেন চালুর দাবিতে দীর্ঘ আন্দোলনের পর মিলেছে বড় সাফল্য। রেল মন্ত্রকের এই ইতিবাচক সাড়ায় নতুন করে আশার আলো দেখছেন নিত্যযাত্রীরা।
লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা গত ৬ জুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই রুটের রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে চার দফা দাবি সম্বলিত একটি চিঠি পাঠান। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে, দাবিগুলি গুরুত্ব সহকারে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে সরাসরি ট্রেন ও স্টেশন উন্নয়নের দাবিতে আন্দোলন চালাচ্ছে ‘আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন’। তাদের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হলো— ‘মা ফুল্লরা’ ও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস’ চালু করা, আহমদপুর জংশনের প্ল্যাটফর্ম সংযোগ এবং একাধিক ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ দেওয়া। বিধায়কের আন্তরিক উদ্যোগে রেলের এই সবুজ সংকেতকে স্বাগত জানিয়েছে যাত্রী সংগঠন। এখন শুধু অপেক্ষা দ্রুত বাস্তবায়নের।
