
শম্ভুনাথ সেনঃ
স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার বৈঠকের এক জীবন্ত ইতিহাস আজ সশরীরে বর্তমান বীরভূমের বোলপুরে। ১৯২১ সালে জন্মগ্রহণকারী, ১০৫ বছর বয়সি শতায়ু প্রাক্তন পুলিশ অফিসার কৃষ্ণদাস দাসের সঙ্গে সম্প্রতি তাঁর বোলপুরের সুঁড়িপাড়ার বাসভবনে সাক্ষাৎ করলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রবীণকে ওড়িশার উত্তরীয়, পুষ্পস্তবক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাঁধানো ছবি ও বই উপহার দিয়ে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়।
১৯৪৭ সালে অ্যাসিস্ট্যান্ট দারোগা পদে যোগ দেওয়া কৃষ্ণদাস বাবু স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার বৈঠকের সময় সংসদে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তে ডঃ রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত নেহরু ও মাউন্টব্যাটেনদের পাশাপাশি তাঁর কথা হয়েছিল ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গেও। শান্তিনিকেতনের নাম শুনে সেদিন যেমন আনন্দিত হয়েছিলেন শ্যামাপ্রসাদ, তেমনই দেশভাগের তীব্র যন্ত্রণা ও রাজনৈতিক মতভেদের কথা তরুণ অফিসারের কাছে অকপটে ভাগ করে নিয়েছিলেন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা।
ইতিহাসের এই অনন্য দলিলকে ছুঁয়ে ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায় আবেগঘন কণ্ঠে বলেন, “সেদিনের ইতিহাস যেভাবে ওঁর স্মৃতির সরণি বেয়ে উঠে আসছিল, গবেষক হিসাবে দেখলাম তা হুবহু মিলে যাচ্ছে। ওঁর সঙ্গে সাক্ষাৎ করে যেন তীর্থদর্শন হল। উনি আজ একজন ‘লিভিং লেজেন্ড’।” শতায়ু এই দেশব্রতী ও তাঁর পরিবারের মঙ্গল কামনা করে ধন্য হলেন ফাউন্ডেশনের গবেষকেরা।
