
শম্ভুনাথ সেনঃ
দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ প্রতিনিধি নির্বাচন। থমকে আছে লভ্যাংশ বণ্টন প্রক্রিয়া। যার জেরে চরম ক্ষোভ ও আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন বীরভূমের বোলপুর বিশ্বভারতী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির হাজার হাজার অংশীদার। এই অচলাবস্থা কাটাতে এবং অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করানোর দাবিতে এবার সমবায়ের ডেপুটি রেজিস্ট্রারের দ্বারস্থ হলেন সাধারণ সদস্যরা।আন্দোলনকারীদের অভিযোগ, বিগত দিনে ভোটার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর একেবারে শেষ মুহূর্তে রহস্যজনকভাবে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হয়। কার স্বার্থে এই কাজ করা হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। ভোট না হওয়ায় সোসাইটির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং সদস্যরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এর পাশাপাশি সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা নিয়েও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগ, তালিকায় বহু অবসরপ্রাপ্ত এবং মৃত সদস্যের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে সমবায়ের আর্থিক স্বচ্ছতা ফেরাতে একটি ত্রুটিমুক্ত নতুন ভোটার তালিকা তৈরি এবং অবিলম্বে নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন বোর্ড গঠনের জোরালো দাবি জানিয়েছেন বঞ্চিত সদস্যরা।
