
শম্ভুনাথ সেনঃ
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে পাইকর বালিকা বিদ্যালয়ে একটি বিশেষ ‘ন্যায় সংহিতা অভিযান: সচেতনতা ক্যাম্প’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ছাত্রীদের আইন ও নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন করে তোলা, যার মূল ফোকাস ছিল নারী ও শিশু সুরক্ষা।
শিবিরে পাইকর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC), রাহুল দাস সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর নারী ও শিশু সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারা, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন (২০০৫) এবং পকসো (POCSO) আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন (২০১৩) সম্পর্কেও ছাত্রীদের ধারণা দেওয়া হয়।
জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের হেল্পলাইন নম্বর ১০৯১ এবং জরুরি পরিষেবা নম্বর ১১২-এর ব্যাপক প্রচার চালানো হয়। “আইন জানি, অধিকার বুঝি, ন্যায়ভিত্তিক সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার বার্তা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
