ভক্তি ও শ্রদ্ধায় বীরভূমের বোলপুর ভুবনডাঙায় উদযাপিত হল জগন্নাথদেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রা উৎসব

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর ভুবনডাঙার ভক্তিবৃক্ষ আশ্রমে চিরাচরিত প্রথা ও গভীর নিষ্ঠার সঙ্গে পালিত হলো জগন্নাথদেবের মহাঅভিষেক ও স্নানযাত্রা উৎসব। আজ ২৯ জুন সকাল থেকেই এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ-উদ্দীপনা। এদিনের মূল আকর্ষণ ছিল মহাপ্রভুর স্নানপর্ব। প্রথা মাফিক ১০৮ কলস গঙ্গাজল ও দুধ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। ঢাকের বাদ্যি, সুমধুর হরিনাম সংকীর্তন এবং পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণে সমগ্র এলাকা এক পবিত্র ও আধ্যাত্মিক রূপ ধারণ করে।

এই পুণ্য মুহূর্তের সাক্ষী থাকতে মন্দিরে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। লোকবিশ্বাস অনুযায়ী, এই মহাস্নানের পর আগামী ১৫ দিন জগন্নাথ দেব ‘অসুস্থ’ হয়ে শয্যাশায়ী থাকবেন, যাকে ‘অনবসর’ কাল বলা হয়। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। ভুবনডাঙার এই উৎসবকে ঘিরে আজ গোটা বোলপুর জুড়ে তৈরি হয়েছে এক অনন্য ভক্তির আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *