বীরভূমের কীর্ণাহারেও রেলের উচ্ছেদ নোটিশ: ১২ জুলাইয়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের আহমেদপুর-কাটোয়া রেললাইনের সম্প্রসারণ ও আধুনিকীকরণের পর এবার রেলের জমি জবরদখল মুক্ত করতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। বোলপুর, নলহাটি, মুরারই পর এবার বীরভূমের অন্যতম ব্যস্ত এলাকা কীর্ণাহারেও রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। গত শনিবার রেল পুলিশ (GRP/RPF) এবং রেলের পদস্থ আধিকারিকরা যৌথভাবে কীর্ণাহার রেললাইন সংলগ্ন এলাকায় গিয়ে এই নোটিশ বিলি করেন। রেল সূত্রে জানা গেছে, কীর্ণাহার স্টেশন পাড়া থেকে শুরু করে কীর্ণাহার রেল গেট সংলগ্ন এলাকা পর্যন্ত সমস্ত জবরদখলকারীদের এই নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১২ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে রেলের জায়গায় থাকা সমস্ত দোকানপাট, ঘরবাড়ি বা নির্মাণ এবং নিজস্ব জিনিসপত্র সরিয়ে নিয়ে জায়গা সম্পূর্ণ ফাঁকা করে দিতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে জায়গা খালি না করা হলে, আগামী ১৩ জুলাই, ২০২৬ তারিখে রেল প্রশাসন আইন মোতাবেক নিজস্ব উদ্যোগে উচ্ছেদ অভিযান চালাবে। রেল আধিকারিকদের এই নোটিশ বিলির সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বাভাবিকভাবেই চরম উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ বহু বছর ধরে যারা এই রেল সংলগ্ন এলাকায় ব্যবসা বা বসবাস করছেন, তারা এখন বিকল্প পুনর্বাসনের চিন্তায় দিশেহারা। তবে রেলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কাজে বাধা দূর করতে আইন অনুযায়ী এই উচ্ছেদ প্রক্রিয়া চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *