নদীগর্ভে তলিয়ে মৃত্যু ২ শিশুর, মুর্শিদাবাদ ও বীরভূম সীমান্তে শোকের ছায়া

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই থানার বাঁশলোই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক। মৃতেরা হলো স্থানীয় বাঁধাইপুর গ্রামের আকাশ কর ফার্মা (৯) এবং মুর্শিদাবাদের মণ্ডলপুর গ্রামের প্রীতম চক্রবর্তী (১১)। প্রীতম বাঁধাইপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল গ্রীষ্মের দুপুরে দুজনে নদীতে স্নান করতে নামলে তীব্র স্রোতের টানে তলিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা, মুরারই থানার পুলিশকে খবর দেয়, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গতকালই নদী থেকে আকাশকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে নিখোঁজ ছিল প্রীতম। নদীগর্ভে তল্লাশি চালাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরি দলকে নামানো হয়। অবশেষে আজ যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালিয়ে প্রীতমের মৃতদেহটিও উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে দুটি দেহই ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দুই জেলার সীমান্ত এলাকায় নেমে এসেছে তীব্র শোকের ছায়া। প্রশাসন থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দা ও শিশুদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *