
শম্ভুনাথ সেনঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বভারতী পিয়ারসন হাসপাতালে উদযাপিত হলো “জাতীয় চিকিৎসক দিবস”। কিংবদন্তি চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস স্মরণে প্রতি বছর ১ জুলাই এই দিনটি পালিত হয়। আজ ১ জুলাই, বুধবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ড. রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কর্মসচিব (রেজিস্ট্রার) বিকাশ মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক (পিআরও), হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বক্তারা ড. রায়ের চিকিৎসা-দর্শন, অনন্য মানবসেবা এবং সমাজকল্যাণে তাঁর কালজয়ী অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শকে পাথেয় করে আর্তের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার করা হয়। কেবলমাত্র স্মরণসভার মধ্যেই এই আয়োজন সীমাবদ্ধ ছিল না। পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত সকলের হাতে একটি করে ফুলের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। চিকিৎসা সেবার পাশাপাশি প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এই সুন্দর সমন্বয়কে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা। শ্রদ্ধা, সেবা ও পরিবেশ সচেতনতার এক অপূর্ব মেলবন্ধনে এই আয়োজন অনন্য নজির সৃষ্টি করে।
