
শম্ভুনাথ সেনঃ
ভোট পরবর্তী হিংসা মামলায় বড়সড় ধাক্কা খেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল বীরভূমের সিউড়ি জেলা আদালত। আর তার পরই গ্রেপ্তারি এড়াতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ‘কেষ্ট’।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর শান্তিনিকেতন থানার পাথরঘাটা এলাকায় শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ীর ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ ওঠে। অভিযোগ, অনুব্রত মণ্ডলের নির্দেশে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন সেখের নেতৃত্বে দুষ্কৃতীরা বোমা-বন্দুক নিয়ে সেখানে হানা দেয়। এই ঘটনায় অনুব্রত-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
৩৭৯-সহ একাধিক ধারায় রুজু হওয়া এই মামলায় সিউড়ি আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রতর আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়। কিন্তু সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানান, বিচারক সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আদালতের এই সিদ্ধান্তের পর ৬৬ বছর বয়সী তৃণমূল নেতার গ্রেপ্তারির আশঙ্কা তীব্র হয়েছে। আইনি রক্ষাকবচ পেতেই এবার উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। তবে এই বিষয়ে নিজে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল।
