এক ফোনেই দোরগোড়ায় অ্যাম্বুলেন্স: বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নয়া পরিষেবার সূচনা

শম্ভুনাথ সেনঃ

গ্রামীণ এলাকার জরুরি স্বাস্থ্য ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। ২ জুলাই, জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) প্রকল্পের অধীনে সেখানে চালু হলো বহু প্রতীক্ষিত ‘১০২’ অ্যাম্বুলেন্স পরিষেবা। ফিতে কেটে ও পতাকা নাড়িয়ে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিএমওএইচ (BMOH) ডাঃ সলমান মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট স্বাস্থ্যকর্মীরা। বিধায়ক জানান, এই পরিষেবার ফলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে আর রোগী নিয়ে দুর্ভোগ পোহাতে হবে না। এক ফোনেই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে রোগীর দোরগোড়ায়। মূলত গর্ভবতী মা ও শিশুদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিয়ে শিশুমৃত্যুর হার কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। সম্পূর্ণ নিখরচায় এই আধুনিক পরিষেবা চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্য দপ্তরের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার আপামর জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *