টিকাকরণের পর শিশুর জীবনসঙ্কট, বীরভূমের ইলামবাজারে স্বাস্থ্যকর্মীদের চরম গাফিলতির অভিযোগে তীব্র ক্ষোভ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজারের বাতিকার উপ-স্বাস্থ্য কেন্দ্রে সরকারি টিকাকরণের পর সাড়ে চার মাসের এক শিশুর জীবনসঙ্কটকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাতিকার গ্রামের বাসিন্দা রাহুল রক্ষিতের শিশুসন্তান রুদ্রাংশকে গত ৩ জুন নিয়মিত ভ্যাকসিন দেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ইনজেকশনের স্থানে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে।
পরিবারের অভিযোগ, অসুস্থ শিশুকে নিয়ে পরপর তিন দিন স্বাস্থ্যকেন্দ্রে গেলেও কর্তব্যরত কর্মীরা চরম উদাসীনতা ও গাফিলতি দেখিয়ে তাঁদের ফিরিয়ে দেন। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে শিশুটিকে বোলপুর ও বর্ধমান হয়ে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে জরুরি ভিত্তিতে একটি জটিল অস্ত্রোপচার করতে হয়েছে।
এই ঘটনায় ক্ষুব্ধ পিতা প্রশাসনের উচ্চপর্যায়ে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষী কর্মীদের কঠোর শাস্তি এবং উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। চিকিৎসার বিপুল খরচে মধ্যবিত্ত পরিবারটি আজ সর্বস্বান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত। এই সংবেদনশীল বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া না মেলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *