তারাপীঠ মন্দিরে বড় রদবদল: নতুন কমিটি গঠনে বন্ধ হচ্ছে বিশেষ লাইনের পুজো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠ মন্দিরের পরিচালন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনা হলো। আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন বর্তমান জেলাশাসক। সেই আর্থিক অনিয়মের তদন্তের স্বার্থেই পুরনো কমিটি ভেঙে গত বুধবার ১৭ জনের একটি সম্পূর্ণ নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তবে এই নতুন কমিটিতে ঠাঁই পাননি পুরোনো কমিটির কোনো সদস্য, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মন্দিরের সেবাইত তথা বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক হয়েছেন পুলক চট্টোপাধ্যায়। নতুন কমিটি দায়িত্ব নিয়েই একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিয়েছে। এত দিন এক বা দু’হাজার টাকার টিকিটের বিনিময়ে বিশেষ লাইনে দ্রুত পুজো দেওয়ার যে ব্যবস্থা ছিল, তা পুরোপুরি বাতিল করা হয়েছে। এখন থেকে সাধারণ দর্শনার্থীদের লাইন বেশি প্রাধান্য পাবে। এছাড়া ৫০০ টাকার কুপনের পুরো টাকাই এবার জমা হবে মন্দিরের নিজস্ব ফান্ডে, যা আগে সেবাইত ও পাণ্ডাদের মধ্যে ভাগ হতো। এই আয়ের টাকায় মন্দির চত্বরে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, বিনামূল্যে ভোগ এবং আগামী দিনে একটি হাসপাতাল গড়ে তোলা হবে। একই সঙ্গে গর্ভগৃহে ভিড় কমাতে বিগ্রহ স্পর্শ করে পুজো দেওয়া সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *