বীরভূমে ফের অস্বস্তিতে টুলু মণ্ডল, মহম্মদবাজারে বিপুল বালি বাজেয়াপ্ত ঘিরে চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মহম্মদবাজারে বেআইনিভাবে বালি মজুত করার অভিযোগে বিশিষ্ট ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে দ্বিতীয়বার এফআইআর দায়ের করল প্রশাসন। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট পার্কিং এলাকায় হানা দিয়ে প্রায় ৩ লক্ষ ১০ হাজার সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র শোরগোল পড়ে গেছে।অভিযুক্ত টুলু মণ্ডলের অবশ্য দাবি, পুলিশের বাজেয়াপ্ত করা ওই স্তূপগুলি বালি নয়, আসলে মাটি। অন্যদিকে, সংস্থার কর্মচারীদের বক্তব্য— প্রায় ৮০টি নির্মাণকাজের জন্য সেখানে বৈধভাবেই বালি ও পাথর মজুত রাখা হয়েছিল। এই অভিযানের পর স্থানীয় বিএলআরও (BLRO) দপ্তরের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এত বিপুল পরিমাণ বালি মজুত থাকলেও কেন প্রশাসন আগে পদক্ষেপ করেনি, তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। শেষ পর্যন্ত জেলা শীর্ষকর্তাদের কড়া নির্দেশেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *