
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, একদল বিজেপি কর্মী-সমর্থক হঠাৎই মিছিল করে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। স্লোগান দেওয়ার পাশাপাশি এক পর্যায়ে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, এটি সাধারণ মানুষের ক্ষোভের এক প্রতীকী বহিঃপ্রকাশ।
এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ও বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি যথেষ্ট থমথমে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর বোলপুরের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
