
শম্ভুনাথ সেনঃ
৫১ শক্তিপীঠের অন্যতম পুণ্যভূমি বীরভূমের দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর ধাম। উষ্ণ প্রস্রবণ আর জাগ্রত দশভূজা দেবীর টানে বছরভর এখানে ভিড় জমান দেশ-বিদেশের অজস্র পুণ্যার্থী। বিশেষত শিবরাত্রির মেলা ও হোম-যজ্ঞকে কেন্দ্র করে বক্রেশ্বর হয়ে ওঠে উৎসবমুখর। তবে কালের নিয়মে এই প্রাচীন তীর্থক্ষেত্রের বহু মন্দির আজ ভগ্নপ্রায়।
ঐতিহ্যকে বাঁচাতে এবার বড়সড় পদক্ষেপ নিলেন স্থানীয় সেবাইতরা ও মন্দির কর্তৃপক্ষ। সরকারি অনুদানের অপেক্ষা না করে, তাঁরা নিজেদের মধ্যেই অর্থ সংগ্রহ করে মন্দির সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে সৌন্দর্য্যায়নের কাজ। তবে মন্দির কমিটির সদস্যদের দাবি, রাজ্য সরকারের তহবিল থেকে এখনও কোনও আর্থিক সাহায্য মেলেনি। এমনকি বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকেও কোনও অর্থ ঘোষণা করা হয়নি।
ঐতিহাসিক এই দেবস্থানকে সম্পূর্ণ নতুন ও সুসজ্জিত রূপে ফিরিয়ে দিতে সরকারের কাছে জরুরি সাহায্যের আর্জি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের আশা, দ্রুত সরকারি সহযোগিতা মিললে বক্রেশ্বর ধাম আবার তার পুরোনো মহিমায় সেজে উঠবে।
