
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের লাভপুর থানা এলাকার একটি পাড়ায় ভগ্নপ্রায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার। মৃতার নাম মালতি চৌধুরী। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই মালতি দেবী তাঁর পৈতৃক পুরোনো মাটির বাড়ির একটি অংশে বসবাস করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ির একটি অংশ পরিষ্কার করতে গেলে আচমকাই হুড়মুড়িয়ে দেওয়ালের একাংশ তাঁর ওপর ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার ছেলে প্রদীপ চৌধুরী জানান, মা পৈতৃক বাড়ি ছেড়ে যেতে রাজি ছিলেন না। ঘটনার সময় তিনি সাধারণত যে অংশে থাকেন, তার বাইরের একটি দেওয়াল ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

