বীরভূমের বোলপুর পৌরসভায় ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থার অভিযোগে বিজেপির বিক্ষোভ, উত্তাল শহর

শম্ভুনাথ সেনঃ

দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ এবং চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ৮ জুলাই,বুধবার উত্তাল হয়ে উঠল বীরভূমের বোলপুর শহর। এই জনবিরোধী কাজের প্রতিবাদে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে রেল ময়দান থেকে একটি সুবিশাল মিছিল পৌরসভা অভিমুখে রওনা হয়। মিছিল শেষে পাঁচ দফা দাবিতে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, বোলপুর পৌরসভা বর্তমানে একটি ‘ঘুঘুর বাসায়’ পরিণত হয়েছে। বর্তমান পৌরপ্রধান পর্ণা ঘোষ প্রায় এক মাস আগে পদত্যাগ করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সরকারি প্রশাসক নিয়োগ করা হয়নি। কোনো আইনি অভিভাবক ছাড়াই অগণতান্ত্রিক উপায়ে চলছে পরিষেবা। বিজেপির দাবি, অবিলম্বে স্বচ্ছতা ফেরাতে যোগ্য প্রশাসক নিয়োগ করতে হবে এবং বিগত দিনে হওয়া সমস্ত আর্থিক কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। এই হেভিওয়েট আন্দোলনকে কেন্দ্র করে বুধবার পৌরসভা চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *