বুলডোজারের সাইরেন বীরভূমের কীর্ণাহারে: ভিটে হারানোর আতঙ্কে ঘুম উড়েছে শত শত পরিবারের

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের কীর্ণাহার রেলগেট সংলগ্ন এলাকায় রেলের জমি দখলমুক্ত করতে কোমর বেঁধে নামল প্রশাসন। আজ ১০ জুলাই, শুক্রবার সকাল থেকেই আরপিএফ, স্থানীয় থানার পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা যৌথভাবে এলাকা পরিদর্শনে আসেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন গোটা এলাকায় কড়া পুলিশি পাহারায় মাইকিং করা হয়।প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১২ জুলাইয়ের মধ্যে সমস্ত ঘরবাড়ি ও দোকানপাট বাসিন্দাদের নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্দিষ্ট সময়সীমা পার হলেই, আগামী সোমবার অর্থাৎ ১৩ই জুলাই থেকে বুলডোজার নামিয়ে শুরু হবে চূড়ান্ত উচ্ছেদ অভিযান। রেলের আধিকারিকদের মতে, সুরক্ষার স্বার্থেই এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে আচমকা এই উচ্ছেদের নোটিশে মাথায় আকাশ ভেঙে পড়েছে দীর্ঘদিনের বাসিন্দাদের। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে কোথায় যাবেন, তা ভেবে দিশেহারা বহু পরিবার। এলাকা জুড়ে এখন শুধুই কান্নার রোল আর চরম অনিশ্চয়তার ছায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *