বীরভূমের মুরারইতে ছাত্রীদের শ্লীলতাহানি ও এলাকায় মদের দাপট রুখতে গ্রেপ্তার-৩, তৎপর পুলিশ প্রশাসন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই থানা এলাকায় ছাত্রীদের শ্লীলতাহানি এবং এলাকায় বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে জোড়া সাফল্য পেল পুলিশ। এই জোড়া ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় মুরারইয়ের রতনপুর হাইস্কুলের ছাত্রীদের পথ আটকে মত্ত অবস্থায় কিছু যুবক অশ্লীল আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় অভিভাবকেরা মুরারই বিডিও অফিস ও থানায় বিক্ষোভ দেখান। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ পকসো (POCSO) আইন ও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্তে নামে। এরপরই পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে পালসা এলাকার বাসিন্দা নাসিরুদ্দিন সেখ ওরফে কচি (৩৫) এবং মুরাদ সেখ নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার ধৃতদের রামপুরহাট এডিজে আদালতে পেশ করা হলে বিচারক তাদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ, ১১ জুলাই ভোর রাতে মুরারই থানার পুলিশ ডালিমবাগান গ্রামে বিশেষ অভিযান চালায়। সেখান থেকে ৪০ লিটার বেআইনি মদ উদ্ধার সহ বিজয় রাজবংশী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রামপুরহাট কোর্টে পাঠানো হয়। পুলিশের এই জোড়া ও কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার অভিভাবক ও সাধারণ মানুষ।

ছবি: দিপু মিঞা, মুরারই; বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *