
শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ‘সঙ্গীত নাটক একাডেমি’র উদ্যোগে, ভারতবর্ষের ১৫০টি স্থানে ৩৯টি ভাষায় পরিবেশিত হচ্ছে ‘বন্দেমাতরম’ ভিত্তিক নাটক। এই সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে বীরভূমের লাভপুরের মঞ্চে “বীরভূম সংস্কৃতি বাহিনী” ১৫ জুলাই নিবেদন করে নাটক— “বন্দেমাতরম: এক দেশ, এক মন্ত্র”।
কর্মসূচির অংশ হিসেবে সকালে ‘বন্দেমাতরম রথ’ নিয়ে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটক।এই মহতী উদ্যোগকে সফল করে তুলতে যারা উপস্থিত ছিলেন, সংস্থার পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানানো হয়। উপস্থিত স্বামী সংঘমিত্রানন্দ মহারাজ, লাভপুর, সাঁইথিয়া ও রামপুরহাটের বিধায়ক দেবাশীষ ওঝা, কৃষ্ণকান্ত সাহা ও ধ্রুব সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবী, শিল্পী ও সাহিত্যিক—যাঁদের উপস্থিতিতে এই মাতৃবন্দনাকে সার্থকতা দিয়েছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থার কর্ণধার ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায়।

তিনি সাধুবাদ জানিয়েছেন লাভপুর তথা বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল দর্শককে। তিনি বলেন,”আপনারা আমাদের সাহস, আপনারা আমাদের অবলম্বন, সুখ-দুঃখের অকৃত্রিম সাথী। আপনাদের উপস্থিতিই এই আয়োজনের প্রাণ।সঙ্গীত নাটক একাডেমির অধ্যক্ষ সন্ধ্যা পুরেচা এই সর্বভারতীয় কর্মযজ্ঞে আমাদের সামিল করে তিনি আমাদের ধন্য করেছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য,‘বীরভূম সংস্কৃতি বাহিনী’ কেবল একটি নাট্যদল নয়, এটি একটি সংঘ। ভারতীয় দর্শন ও সংস্কৃতির চর্চায় নিবেদিত এই অরাজনৈতিক সংগঠন যেন আগামী দিনে সকল পরিস্থিতি মোকাবিলা করে সত্য ও মঙ্গলের পথে এগিয়ে যেতে পারে, সংস্থার পক্ষ থেকে সেই আশীর্বাদ প্রার্থনা করা হয়।

