
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যজুড়ে দলবদলের যে হাওয়া বইছে, তার আঁচ লেগেছে বীরভূমেও। আজ ১৭ জুলাই, শুক্রবার বীরভূমের বোলপুর বিধানসভার অন্তর্গত মহিদাপুরে আয়োজিত এক জনসভায় তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ ছেড়ে অন্তত ৫০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন।
বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সঞ্জয় অধিকারীর উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিজিৎ মুখার্জি। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। জেলার বিরোধী রাজনীতিতে কংগ্রেসের এই উত্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
