
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থায় অরাজকতা রুখতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বীরভূমের সিউড়িতে আয়োজিত ‘জনতার দরবারে’ রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিএড, ফার্মেসি ও ল’ কলেজগুলির অনিয়ম আর বরদাস্ত করা হবে না। নামমাত্র ঠিকানায় গড়ে ওঠা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, রাজ্য সরকার রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয় ও ৫০০-র বেশি কলেজকে অডিট বা নিরীক্ষার আওতায় আনার জন্য সিএজি (CAG)-কে অনুরোধ জানিয়েছে। কীভাবে এনওসি (NOC) প্রাপ্তি এবং পঠনপাঠন চলছে, তা খতিয়ে দেখবে প্রশাসন। যথাযথ শিক্ষা প্রদানের পরিবর্তে ডিগ্রি বিক্রির কারবার বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যতদিন এই প্রক্রিয়া চলবে, ততদিন নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে না।
পাশাপাশি শিল্প বিনিয়োগ নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, অতীতে ইউনিয়নের দাপাদাপি ও সিন্ডিকেট-কাটমানির ভয়ে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি বদলাচ্ছে। সরকারের নতুন শিল্পনীতির ফলে আগামী ছয়-আট মাসের মধ্যে রাজ্যে প্রায় ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। শিল্পের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
