
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নলহাটি থানার রামেশ্বরপুর গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম মৌমিতা রায়। পরিবারের অভিযোগ, এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের বিবাহিত শিক্ষক অনির্বাণ রায়ের কাছে টিউশন পড়ার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষক প্রায় এক বছর ধরে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রেখেছিলেন।
পরিবারের দাবি, সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বাড়িতে অশান্তি হয়। ঘটনার আগের রাতে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে মৌমিতার বচসা হয়েছিল। এর কিছু পরেই ছাত্রীটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে নলহাটি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে। আজ ১৭ জুলাই,শুক্রবার তাকে রামপুরহাট আদালতে তোলা হয়। আদালতে ওই শিক্ষক সম্পর্কের কথা স্বীকার করলেও, ছাত্রীর মৃত্যুর দায় অস্বীকার করেন। পুলিশ প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
