নিট প্রশ্নফাঁস: দিল্লির অনশনের সমর্থনে বিশ্বভারতীতে পড়ুয়াদের প্রতীকী অনশন

শম্ভুনাথ সেনঃ

লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্নকারী মেডিকেলের ‘নিট-ইউজি’ (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল দেশ। দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সমাজকর্মী সোনম ওয়াংচুক ও বহু শিক্ষার্থীর আমরণ অনশনের সমর্থনে এবার সরব শান্তিনিকেতন। আজ, ১৮ জুলাই শনিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার প্রতীকী অনশন শুরু করলেন একদল ছাত্র-ছাত্রী।
আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের মতো স্পর্শকাতর বিষয়ে কেন্দ্রীয় সরকার নিজের নৈতিক দায়ভার এড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, এই বিপর্যয়ের দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের পুলিশি হস্তক্ষেপে সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা। তাঁদের অভিযোগ, এটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকারকে খর্ব করার শামিল।
আন্দোলনকারীদের দৃঢ় অঙ্গীকার, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, পূর্ণাঙ্গ জবাবদিহি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। আজকের এই প্রতীকী অনশন কর্মসূচির মাধ্যমে দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার ভঙ্গুর দশা ও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *