
সেখ রিয়াজুদ্দিনঃ
রামপুরহাটের পাঁচমাথা মোড় থেকে নিশ্চিন্তপুর ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত দীর্ঘদিন ধরে পরিচিত ‘নেতাজী সুভাষচন্দ্র বসু রোড’ নামে। সম্প্রতি ওই রাস্তার নাম পরিবর্তন করে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে এসইউসিআই (কমিউনিস্ট)-এর ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের দাবি, গত ৬ জুলাই রামপুরহাটের বিধায়ক ও মহকুমা প্রশাসনের উদ্যোগে নতুন নামের সাইনবোর্ডও বসানো হয়েছে। এর প্রতিবাদে এআইডিএসও-র বীরভূম জেলা কমিটি ধারাবাহিক আন্দোলন শুরু করে। রামপুরহাট শহরের স্থানীয় বাজার, স্কুল ও রামপুরহাট কলেজে প্রচার অভিযান, স্বাক্ষর সংগ্রহ, ব্যাজ পরিধান, পোস্টারিং এবং হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে জনমত গড়ে তোলা হয়। সংগঠনের দাবি, সাধারণ মানুষ এই আন্দোলনে ব্যাপক সমর্থন জানিয়েছেন এবং অনেকেই আর্থিক সহযোগিতাও করেছেন।
সেই কর্মসূচিরই অংশ হিসেবে মঙ্গলবার, ২১ জুলাই, প্রবল বৃষ্টি উপেক্ষা করে রামপুরহাট কলেজ ও বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ভারত ভ্রমণকারী এক সন্ন্যাসীও বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেন। নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবি, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ প্রদর্শনের পর মহকুমা শাসকের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়।
ডেপুটেশন গ্রহণের পর প্রশাসনের এক আধিকারিক প্রতিনিধিদের জানান, রাস্তার নাম ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড’ করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি, ইতিমধ্যেই বসানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক অপসারণের দাবিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সেই বিষয়টিও ঊর্ধ্বতন মহলে জানানো হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুরজিৎ দাস, রাজ্য কোষাধ্যক্ষ সুমন দাস, বীরভূম জেলা সম্পাদক অমিত মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

