
শম্ভুনাথ সেনঃ
আজ বৃহস্পতিবার হাওড়া ডিভিশনের এডিআরএম (অপারেশন) সচিন সুমনের আহমদপুর-কাটোয়া শাখা পরিদর্শনের সময় রেল পরিকাঠামো উন্নয়নে একাধিক দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। এলাকার দুর্ভোগ মেটাতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে জোড়া স্মারকলিপি তুলে দেওয়া হয়।
‘আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে রামপুরহাট-হাওড়া “মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার” ও দেওঘর-শিয়ালদহ “শ্রীচৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস” চালুর জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি, আহমদপুর স্টেশনের মূল প্ল্যাটফর্মের সঙ্গে কাটোয়া শাখার প্ল্যাটফর্মের দূরত্বের কারণে যাত্রীদের হয়রানি রুখতে প্ল্যাটফর্ম সংযুক্তিকরণের আবেদন জানানো হয়। প্রতিনিধি হিসেবে সুবীর সেন, সাইফুল কাজী ইসলাম, জয়ন্ত মন্ডল ও সৌরভ দত্ত উপস্থিত ছিলেন। অন্যদিকে, ‘লাভপুর নাগরিক উন্নয়ন সমিতি’-র পক্ষ থেকে লাভপুরের রেলের জমিতে মেমু কোচ মেইনটেন্যান্স ইয়ার্ড, লোকো শেড, রেল কোচ ফ্যাক্টরি অথবা একটি বৃহৎ হাসপাতাল গড়ার প্রস্তাব দেওয়া হয়। সমিতির পক্ষে জয়ন্ত চন্দ্র, মানস দত্ত, গৌতম হাটি ও সদানন্দ দত্ত উপস্থিত ছিলেন। জনস্বার্থে রেল কর্তৃপক্ষের দ্রুত সদর্থক পদক্ষেপের অপেক্ষায় বীরভূম ও পূর্ব বর্ধমানের লক্ষাধিক মানুষ।

