
সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি কাঁকরতলা থানার এলাকায় গ্রাম্য বিবাদের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দুবরাজপুর মহকুমা আদালতে পেশ করার পর তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেরার সময় ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। সেই তথ্যের ভিত্তিতে কাঁকরতলা থানার অন্তর্গত হরিএকতলা গ্রাম সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি বালতির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় সাতটি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়। উদ্ধারের পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গেই সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সাতটি সকেট বোমা নিরাপদে নিষ্ক্রিয় করে।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বোমাগুলি ভবিষ্যতে কোনো নাশকতামূলক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে ওই এলাকায় মজুত করে রাখা হয়েছিল। তবে এগুলি কারা তৈরি করেছে, কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে কাঁকরতলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

