
সেখ রিয়াজুদ্দিনঃ
ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা তথা উপপ্রধানের স্বামীকে গ্রেপ্তার করল নলহাটি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে নলহাটি ১ নম্বর ব্লকের কয়থা-২ গ্রাম পঞ্চায়েতের গোঁসাই গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঁসাই গ্রামের বাসিন্দা তথা স্থানীয় তৃণমূল নেতা ও উপপ্রধানের স্বামী কাজল মালের বিরুদ্ধে এক মহিলা গত ৮ আগস্ট নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগকারী মহিলার দাবি, ৭ আগস্ট রাতে বাড়িতে তিনি একা থাকার সুযোগ নিয়ে কাজল মাল তাঁর বাড়িতে ঢুকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। তাঁর চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা জেগে উঠলে অভিযুক্ত সেখান থেকে চলে যায় বলে অভিযোগ।
অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে নলহাটি থানার পুলিশ। নলহাটি থানার আইসি অনুপকুমার ঘোষ জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারিণীর জবানবন্দিও নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ৯ আগস্ট ধৃত কাজল মালকে রামপুরহাট আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
