মুম্বইয়ে ডেঙ্গুতে মৃত্যু দুবরাজপুরের ১৮ বছরের পরিযায়ী শ্রমিকের

সেখ রিয়াজুদ্দিনঃ

পরিবারের অভাব-অনটন কিছুটা দূর করে স্বচ্ছল জীবনের স্বপ্ন দেখেছিলেন। সেই আশায় মাত্র ১৮ বছর বয়সেই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন দুবরাজপুরের কাপাসতোড় গ্রামের যুবক সেখ সাহাবুল। কিন্তু স্বপ্নপূরণের আগেই মুম্বাইয়ে অসুস্থ হয়ে অকালে প্রাণ হারালেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের কাপাসতোড় গ্রামের বাসিন্দা সাহাবুল পরিবারের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রায় এক মাস আগে কাজের সন্ধানে মুম্বাইয়ে পাড়ি দেন। তাঁর দাদার হাত ধরেই শুরু হয়েছিল ভিন রাজ্যে কর্মজীবনের পথচলা।
মুম্বাইয়ে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন সাহাবুল। পরিবারের দাবি, পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৭ আগস্ট সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় এবং ৯ আগস্ট রবিবার মৃত যুবকের দেহ কাপাসতোড় গ্রামে পৌঁছায় এবং সকাল দশটায় তার জানাজা সম্পন্ন হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
সাহাবুলের এই মৃত্যু ফের সামনে নিয়ে এসেছে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি। আর্থিক অনটনের কারণে অল্প বয়সেই বহু যুবক-যুবতী কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দেন। সেখানে কাজের পাশাপাশি তাঁদের স্বাস্থ্য ও চিকিৎসার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা কতটা জরুরি, সাহাবুলের অকালমৃত্যু সেই প্রশ্নই নতুন করে তুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *