শম্ভুনাথ সেনঃ
বীরভূমের লাভপুর গ্রামীণ হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা চালু এবং এলাকার নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সরব হলো ‘লাভপুর নাগরিক উন্নয়ন সমিতি’। বন্ধ থাকা স্টেট জেনারেল হাসপাতালের নির্মাণকাজ দ্রুত শুরু করা, পরিশ্রুত ঠান্ডা পানীয় জল সরবরাহ, এক্স-রে ও রক্ত পরীক্ষা পুনরায় চালু, ‘মা আহার’ প্রকল্প শুরু এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিতে ১৩ আগষ্ট, বৃহস্পতিবার বিডিও, বিএমওএইচ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
পাশাপাশি, মৌগ্রাম মৌজার ছোটগোগা ফার্ম ও রেজিস্ট্রি অফিস পাড়ায় বর্ষার জমা জল থেকে বসতবাড়ির ক্ষয়ক্ষতি রুখতে অবিলম্বে পাকা কংক্রিটের হাই-ড্রেন নির্মাণের আবেদন জানানো হয়। জনস্বার্থবাহী এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন সংগঠনের সদস্য জয়ন্ত পাল, সুবীর সেন, সৌভিক মন্ডল, কাকুলি কুন্ডু, সৌমিত্র মন্ডল এবং জয়ন্ত চন্দ্র প্রমুখ। সাধারণ মানুষের এই মৌলিক দাবিগুলি দ্রুত পূরণের আশায় এখন দিন গুনছেন লাভপুরবাসী।

