শম্ভুনাথ সেনঃ
আজ ১৭ আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার। বাবা শিবের মাথায় জল ঢালার উপলক্ষে ভক্তদের ভিড়ে জমজমাট বীরভূমের অন্যতম সতীপীঠ ঐতিহ্যবাহী বক্রেশ্বর শৈবক্ষেত্র। বাবা বক্রনাথের মাথায় পবিত্র জল ঢালতে রাত থেকেই দূরদূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী মন্দির চত্বরে ভিড় জমান। ভোরের আলো ফোটার আগেই মন্দিরের সামনে তৈরি হয় দীর্ঘ লাইন। হাতে জল ও পুজোর সামগ্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জলাভিষেক করেন ভক্তরা। ‘বোল বাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। বিপুল ভিড় নিয়ন্ত্রণে মন্দির ও সংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ভক্তি ও আস্থায় মোড়া এই পুণ্যলগ্নে সকাল থেকেই বক্রেশ্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

