সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল। নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে প্রতীকীভাবে উপভোক্তাদের হাতে কার্ড তুলে দেওয়া হয়।
রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য ও সুলভ করে তুলতেই এই উদ্যোগ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা নির্দিষ্ট সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি উপভোক্তাদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করেন।পাশাপাশি প্রতীকীভাবে নির্বাচিত কয়েকজন উপভোক্তার হাতে কার্ড তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য জেলার বিভিন্ন ব্লকে বড় পর্দার ব্যবস্থা করা হয়। সেরূপ বীরভূমের খয়রাশোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাকক্ষেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। সেখানে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) ড. সৌমেন্দু গাঙ্গুলি, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন, সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস,শিক্ষক বাপী চক্রবর্তী,সমাজসেবী অনুপম বাগ, উৎপল সাঁই, দেবব্রত গুপ্ত,রথীলাল সিং-সহ সমিতির অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা এবং উপভোক্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার প্রয়োজনে উপভোক্তারা যাতে সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত স্বাস্থ্যকেন্দ্রে প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়ানো হবে। বিশেষ করে দরিদ্র ও সাধারণ পরিবারের মানুষ যাতে অর্থের অভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের শেষে খয়রাশোল ব্লকের পক্ষ থেকে প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড তুলে দেওয়া হয়। নতুন স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের সুযোগ পাওয়ার আশ্বাসে উপভোক্তাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন।

